ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ মার্চ) এ প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্লিঙ্কেন বলেন, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছি। এই প্রস্তাবের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে আছি। কিন্তু গাজার বেসামরিক নাগরিকদের হত্যা এবং তাদের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ফেলা যাবে না। আমরা সেটি নিয়ে কাজ করছি। যাতে তাদের মানবিক সহায়তা পাওয়ার পথ সুগম করতে পারি।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যে আরব নেতাদের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বুধবার সৌদি আরব সফর শেষে বৃহস্পতিবার (২১ মার্চ) কায়রোতে তিনি বৈঠক করেছেন মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে।
বুধবার সৌদি আরবে অবতরণের মধ্য দিয়ে ব্লিঙ্কেনের ষষ্ঠ দফা মধ্যপ্রাচ্য সফর শুরু হয়। রিয়াদে তিনি সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। যাদের মধ্যে ১৩০ জন গাজায় রয়েছেন। এদের মধ্যে ৩৩ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩১ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৪ হাজার ১৮৮ জন। আর হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।









