দক্ষিণ লেবাননের ১০টি এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী-আইডিএফ। বৃহস্পতিবার (২২ আগস্ট) আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহর ব্যবহৃত ভবন, অস্ত্রাগার এবং একটি রকেট লঞ্চারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে সীমান্ত শহর কিরিয়াত শমোনায় রকেট এবং ড্রোন সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। কাফর কিলায় হিজবুল্লাহর ব্যবহৃত ভবন লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আগের দিন উত্তরের শহর কাটজরিনে ৫০ টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এই ইসরায়েলি আহত হয়।
এরপরপরই উত্তরে আক্রমণে নিজেদের সক্ষমতার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ওই আক্রমণের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানোর একদিন পর হিজবুল্লাহর ওপর হামলা চালালো আইডিএফ।
গত ৮ অক্টোবর থেকে সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে। সংঘর্ষে এ পর্যন্ত ২৬ বেসামরিক নাগরিক ও ১৯ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্তত ৪২০ সদস্য নিহত হয়েছে।








