পশ্চিম তীরের তুলকারম শহরের একটি মসজিদে বন্দুকযুদ্ধে ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এসময় আরও চার যোদ্ধাকে হত্যার করে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে। গত কয়েক মাসের মধ্যে দখলকৃত এই অঞ্চলে সবচেয়ে বড় হামলার ঘটনা ছিল এটি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সামরিক বাহিনী বলেছে, তুলকারম শহরের একটি মসজিদের চারপাশে গুলি বিনিময়ের সময় পার্শ্ববর্তী নুর শামস শরণার্থী শিবিরের যোদ্ধাদের একটি নেটওয়ার্কের প্রধান আবু সুজা নামে পরিচিত মুহাম্মাদ জাব্বারকে হত্যা করেছে তারা। এসময় আরও চার ফিলিস্তিনি যোদ্ধা নিহত হন।
ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার তুলকারম বিভাগ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে দুই দিনে মোট ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা আরও জানায়, তাদের যোদ্ধারা আবু উবাইদা মসজিদের কাছে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছিল।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, অভিযান এখনও শেষ হয়নি। বুধবার ভোরে কয়েকশ ইসরায়েলি সেনা, হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যান তুলকারম, জেনিন ও জর্ডান উপত্যকার শহরগুলোতে হামলা চালায়।








