দক্ষিণ লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে সেনা নিহতের কথা প্রথমবার স্বীকার করলো ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে সামরিক অভিযানে তাদের প্রথম সেনা নিহত হয়েছেন। তিনি একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। এটি ছিল ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্ত অতিক্রম করার পর প্রথম প্রাণহানি। বুধবার (২ অক্টোবর) সামরিক বাহিনী এক বিবৃতিতে নিহতের কথা নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ২২ বছর বয়সী ক্যাপ্টেন এইতান ইৎজাক অস্টার লেবাননের যুদ্ধে নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক ওয়েবসাইট জানিয়েছে, অস্টার বুধবার নিহত হন, তবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে । ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি সীমান্ত গ্রামে প্রবেশ করেছিল। এর আগে হিজবুল্লাহ দাবি করে, ইসরায়েলি সেনারা আদাইসেহ গ্রামে প্রবেশের চেষ্টা করলে তাদের পিছু হটতে বাধ্য করা হয়।
এই প্রথমবার হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের মাটিতে সংঘর্ষ হচ্ছে। যা ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের সময় শুরু হয়েছিল। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালায় এবং পরে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে বিমান হামলায় হত্যা করে।
হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলে সাংবাদিকদের জানান, এটি সংঘর্ষের শুরু মাত্র। দক্ষিণের প্রতিরোধ যোদ্ধারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির সীমান্ত লঙ্ঘন করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে প্রায় ৪০০ মিটার লেবাননের ভূখণ্ডে প্রবেশ করে। তবে পরে তারা ফিরে যায়।
বুধবার সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অতিরিক্ত এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে। সেখানে ২০টিরও বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের চলে যেতে বলা হয়েছে। এর একদিন আগে, ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়ার পর একই ধরনের একটি নির্দেশ দেওয়া হয়েছিল।









