মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে ‘সম্মিলিত গণহত্যা’ বলে অভিহিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কাতারের আমির বলেন, এটি এখন স্পষ্ট যে যা ঘটছে তা গণহত্যা, পাশাপাশি গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে।
বক্তব্যে তিনি বলেছেন, কাতার বেশ কয়েকবার ইসরায়েলের দায়মুক্তির বিষয়ে সতর্ক করেছে।
এছাড়া তিনি লেবাননের ভাতৃপ্রতীম জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।
ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যার অভিযোগের তীব্রভাবে প্রত্যাখ্যান করে আসছে। এক বছর আগে হামাসের সশস্ত্র বাহিনী দক্ষিণ ইসরায়েলি শহরগুলোতে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চলতি সপ্তাহে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে একটি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।









