সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় এক সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।
যুদ্ধ থামানোর জন্য এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের সময় এই হামলার ঘটনা ঘটলো।
এক বিবৃতিতে সিরীয় মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলি হামলায় কাফর সুসার কেন্দ্রীয় দামেস্কের আশেপাশের এলাকা ও হোমসের গ্রামাঞ্চলে একটি সামরিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।’
মন্ত্রণালয় আরও জানায়, হামলাগুলো ‘বস্তুগত ক্ষতিক্ষতিও’ হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আগের দিন, সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলেছিল, ইসরায়েল কাফর সুসায় একটি আবাসিক ভবনে আঘাত করার পরে দামেস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েল সাধারণত সিরিয়ায় হামলার সুনির্দিষ্ট প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করে না।
কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত বছরের ৭ অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার করার পর থেকে এই অভিযান জোরদার করেছে দেশটি।
বুধবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা করেছে ইসরায়েল। লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রথমবারের মতো নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সতর্কতা জারি করার কিছুক্ষণ পরেই এই হামলা হয়।








