দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩০ নভেম্বর) একাধিক স্থানে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
মাজদাল জোউন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় সাত বছরের শিশুসহ তিনজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়টি জানিয়েছে, সিডন শহরের কাছে অবস্থিত আল বিসারিয়ায় পৃথক ইসরায়েলি হামলায় আরও একজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা সিডনে একটি হিজবুল্লাহ কেন্দ্রে হামলা চালিয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠী রকেট লঞ্চার মজুদ রয়েছে।
আইডিএফ আরও জানায়, দক্ষিণ লেবাননে তারা রকেট চালিত গ্রেনেড, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বোঝাই একটি গাড়িতে আঘাত করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তাদের কাজের অংশ হিসেবে এই হামলা করেছে বাহিনীটি।
লেবাননে বুধবার একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।








