সিরিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাস বৃহস্পতিবার সতর্কবার্তা জারি করেছে। সিরিয়ায় অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত চীন বা অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, চীনা নাগরিকরা এখনও চালু থাকা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে অথবা স্থলসীমান্ত বন্দর ব্যবহার করে দেশ ছাড়তে পারেন। তবে যারা সিরিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন বা সিরিয়ার কিছু অঞ্চল ছাড়বেন না বলে ঠিক করেছেন, তারা গুরুতর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারেন এবং তাদের ক্ষেত্রে সহায়তার কার্যকারিতা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-এর নেতৃত্বাধীন বাহিনীর দখলে যায় মধ্যাঞ্চলীয় শহর হামা। এর কয়েকদিন আগে তারা দেশটির বাণিজ্যিক কেন্দ্র আলেপ্পো দখল করে।
হামা ও অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক সংঘাত সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। হায়তা তাহরির আল শাম এখন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে, যা সংঘাতের মাত্রা গুরুতর করে তুলছে।
সূত্র: সিএমজি









