গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় রবিবার জিম্মিদের মুক্তি দিতে পারে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এই চুক্তি সফল হলে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ বন্ধ হতে পারে। যা শহুরে গাজা অঞ্চলের অধিকাংশ অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত এবং ২৩ লাখেরও বেশি মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার বৈঠকে বসবে। তবে বৃহস্পতিবার চুক্তি অনুমোদনের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়। তখন ইসরায়েল হামাসকে দেরির জন্য দায়ী করে।
ইতোমধ্যে গাজায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, চুক্তি ঘোষণার পর থেকে অন্তত ১০১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৮ জন নারী ও শিশু।
হামাস জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।









