ট্রাম্পের বোমায় মাটিচাপা পড়েছে শান্তির স্বপ্ন, বলছেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:৪২আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৫৫

তেহরানের ৩৬ বছর বয়সী বাসিন্দা সারা শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামীর মুখে শুনেছিলেন, ‘আশা করি আগামীকাল সকালে উঠে দেখবো সব শান্ত।’ কিন্তু সকালে ঘুম ভাঙতেই শুনলেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে।

এই হামলার পর সারা বলেন, শান্তি এখন আর শুধু দূরের স্বপ্ন নয়, মনে হচ্ছে ওটা কবেই ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওয়াশিংটন ইরানের ফরদো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে। ট্রাম্প বলেন, তেহরান এখন চাইলে শান্তি করতে পারে, যদিও ইসরায়েলে হামলা করে তারা আলোচনার সুযোগ হারিয়েছে।

তবে অনেক ইরানির চোখে ট্রাম্পের বক্তব্য উপহাস। তেহরানের ৫৮ বছর বয়সী দাভুদ বলেন, ওরা আমাদের আক্রমণ করে, তারপর বলে শান্তি করো? এটা তো সেই স্কুলপড়ুয়া পাষণ্ডদের মতো, যারা ঝগড়া লাগিয়ে শেষ ঘুষিটা মেরে বলে ঝগড়া শেষ।

১৩ জুন কোনও সতর্কতা ছাড়াই ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তারাও। ইরানের পাল্টা হামলায় অন্তত ২৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, হামলা চালানো হয়েছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করতে পারে। তবে ইরান বলছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্য হিসেবেই আলোচনা করছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন হামলার আশঙ্কা তীব্র হচ্ছিল। বিশেষত ফরদোর মতো ভূগর্ভস্থ ঘাঁটিতে ইসরায়েলের হামলা সম্ভব নয় বলে ধারণা করেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশঙ্কা করছিলেন অনেকেই।

মাশহাদের ৩৫ বছর বয়সী কম্পিউটার প্রকৌশলী মিলাদ বলেন, ওদের ক্ষমতা আছে, তাই আমাদের ওপর চালিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি মাথা নিচু করি, ওরা আরও মারবে। প্রতিক্রিয়া জানাতে হবে, শক্তভাবে।

তবে মিলাদের মতো ভাবছেন না সবাই। তেহরানের ৪৪ বছর বয়সী মনোরোগ চিকিৎসক নেগিন বলেন, আমরা যদি পাল্টা বড় আঘাত হানি, তারপর কী? ওদের প্রতিশোধ অনেক বেশি ধ্বংসাত্মক হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে বেশ কয়েকটি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১৪টি ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার ধ্বংসকারী বোমা ব্যবহার করা হয়। এই হামলায় বি-২ বোমারু বিমান ও একটি পারমাণবিক সাবমেরিনও জড়িত ছিল।

নেগিন বলেন, এই বিশ্বে সম্মান আর মানবতা বলে কিছু নেই। গাজা থেকে লেবানন সব জায়গার মতোই, ইরানের জন্যও সবাই চুপ থাকবে। ট্রাম্প যদি বলেন, যা কেউ পারেনি আমি তা করেছি, তবু তার হাত রক্তেই রঞ্জিত থাকবে।

ইরানের মানুষের মনের ভেতরে এখন দ্বিধা। একদিকে যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা, অন্যদিকে আত্মমর্যাদা রক্ষার তাগিদ। পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক সাঈদ বলেন, আমরা এখন এক ডাইনি, এক পশু আর এক বুনো শ্বাপদের মাঝখানে পড়েছি। আর এগুলো হলো ইরানের সরকার, ট্রাম্প আর নেতানিয়াহু।

তিনি বলেন, সরকারের ব্যর্থতায় আজ এই অবস্থা, কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহু যেন নিষ্ঠুরতার প্রতিমূর্তি। কিছু দিন আগেই ট্রাম্প বলেছিলেন, দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেবেন। আর এখন দেখুন কী ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে বসেছেন।

ইরান জানিয়েছে, এই হামলার পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তেহরানের। ২০২০ সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে। সেই জবাব তখন নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এবার প্রতিক্রিয়া কতটা কঠোর হবে, সেটা নিয়ে এখনও শঙ্কা ও উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: মিডল ইস্ট আই

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নেমে ভোজিনিয়ার মায়ের শুভেচ্ছা
হরমুজ বন্ধের প্রমাণ নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন