ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরান মঙ্গলবার (২৪ জুন) একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষ করতে একটি পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলের আইএলটিভি সংবাদ চ্যানেল দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদমের প্রধান এলি বিনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিরসেবায় ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ভবন। মঙ্গলবার সকালে বিরসেবায় এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত এবং ২২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব ভবনের ভেতরে লোকজন আটকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএলটিভি আরও জানায়, সরাসরি আঘাতপ্রাপ্ত একটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি নিরাপদ কক্ষ থেকে অন্তত তিনজনকে উদ্ধার করা হয়েছে।
এই উদ্ধার কার্যক্রমের সময় ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তাও শোনা গেছে।
এর আগে আল–জাজিরার খবরে ওই তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য প্রচার করা হয়েছিল। নিহত তিনজনের নাম–পরিচয় জানানো হয়নি। বলা হয়েছিল, তিনজনের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। পুরুষ দুইজনের মধ্যে একজনের বয়স প্রায় ৪০ বছর। অন্যজনের প্রায় ২০ বছর। আর ওই নারীর বয়স প্রায় ৩০ বছর।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’









