গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। বৃহস্পতিবার (৭ আগস্ট) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল, 'এটি ত্রাণ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এমএসএফ গাজার রাফাহ শহরে দুটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছে। যেগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও মার্কিন বেসরকারি ঠিকাদারদের অধীনে থাকা জিএইচএফ গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত।
এই কেন্দ্রগুলো চালু হওয়ার পর থেকেই সেখানে হুড়োহুড়ি, দমবন্ধ জনচাপ, সহিংস লুটপাট এবং প্রাণঘাতী জনতা নিয়ন্ত্রণ কৌশলের ঘটনা ঘটছে বলে জানিয়েছে এমএসএফ।
সংস্থাটি বলেছে, জিএইচএফের বিতরণ কেন্দ্রগুলো নিরাপদ ও মর্যাদাসম্পন্ন মানবিক সহায়তা বিতরণের কোনও আন্তর্জাতিক মান পূরণ করছে না।
তারা আরও জানায়, এমএসএফের ইতিহাসে বিশ্বের কোনো সংঘাতপূর্ণ এলাকাতেও এমন সহিংস পরিবেশে ত্রাণ বিতরণ পরিচালনা করা হয় না। তারা এই ব্যবস্থা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।
এমএসএফের এক সমন্বয়কারী বলেছেন, মানুষকে পশুর মতো গুলি করে মারা হচ্ছে। তারা সশস্ত্র নয়, সেনা নয়। তারা শুধু কিছু খাবার—ময়দা বা পাস্তা—নিতে এসেছিল। আমার প্রশ্ন হলো, একটি খাবারের ব্যাগের জন্য তাদের কত বড় মূল্য দিতে হবে?








