যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসনে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় কিছু মৌলিক নীতিতে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে আরাঘচি সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে। মঙ্গলবার জেনেভায় বৈঠক শেষে ইরানি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমকে আরাঘচি বলেছেন, বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা কিছু দিকনির্দেশক নীতিতে সাধারণ সমঝোতায় পৌঁছাতে পেরেছি। তিনি এটিকে একটি নতুন সুযোগের জানালা হিসেবে উল্লেখ করেছেন এবং টেকসই সমাধানের আশা প্রকাশ করেছেন। যেখানে ইরানের বৈধ অধিকার পূর্ণ স্বীকৃতি পাবে।
আবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান বিস্তারিত প্রস্তাব দেবে। তিনি আরও বলেছেন, অগ্রগতি হলেও এখনও অনেক বিষয়ে আলোচনা বাকি।
সম্প্রতি এই আলোচনা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। এই আলোচনা বিষয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানিয়েছেন, উভয় পক্ষই স্পষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে বৈঠক শেষ করেছে।
উল্লেখ্য, আরাঘচি এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশ কমে যায়।









