প্রকাশ্যে কূটনৈতিক আলোচনার কথা বললেও নেপথ্যে ইরান আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘গোপনে’ স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
গালিবাফ বলেন, ‘শত্রুরা জনসমক্ষে আলোচনা ও সংলাপের বার্তা পাঠাচ্ছে, অথচ গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে মারা যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া যায়।’
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইসরায়েল তাদের সম্ভাব্য গুপ্তহত্যার তালিকা থেকে গালিবাফকে বাদ দিয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তিনি যার সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করছেন, সেই ‘শীর্ষ ব্যক্তিটি’ হলেন এই গালিবাফ।
ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েন নিয়ে চলমান জল্পনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, গত শুক্রবার জাহাজটি এই অঞ্চলে পৌঁছায়।
সেন্টকমের তথ্যমতে, এই রণতরিটিতে প্রায় ৩ হাজার ৫০০ নৌসেনা ও মেরিন সেনা রয়েছে। এ ছাড়া জাহাজটিতে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ বিভিন্ন উভচর ও কৌশলগত সামরিক সরঞ্জাম রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








