ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদা যোদ্ধারা গাড়ি বহরে হামলা চালিয়ে অন্তত ২০ ইয়েমেনি সেনাকে হত্যা করেছে। শনিবার দেশটির একটি সামরিক সূত্র এ খবর জানায়।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্র জানায়, ‘আল-কায়েদার সশস্ত্র যোদ্ধারা আবিয়ান প্রদেশে তরুণ ইয়েমেনি সৈন্যবাহী তিনটি বেসামরিক যানবাহনে অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ২০ জন সেনাকে হত্যা করেছে।’
এএফপিকে জানায়, জিহাদিরা আহওয়ার শহরে সকালে সেনাদের গাড়ি থেমে নেমে যেতে আদেশ করে এবং গুলি করে হত্যা করে।
সূত্র আরও জানায়, নিহত সেনারা ছিলেন সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এদের মোতায়েন করা হচ্ছিল।
ইয়েমেনে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইরান-সমর্থিত শিয়া মতাবলম্বী হুথি বিদ্রোহী ও তাদের মিত্ররা সরকারকে রাজধানী সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার বাইরে বিতাড়িত করে। এরপর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় গত জুলাই মাসে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরী অ্যাডেন নিয়ন্ত্রণ হারায় হুথি বিদ্রোহীরা।
দেশে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ দক্ষিণ ইয়েমেনে তাদের অবস্থান জোরদার করে। সূত্র: মিডল ইস্ট আই।
/এএ/








