ইয়েমেনে চলমান লড়াইয়ের মধ্যে সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধানরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এই বৈঠক হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর এ ঘোষণা আসে। তবে সামরিক প্রধানদের বৈঠক কবে হবে বা কী ধরনের সহায়তা নিয়ে আলোচনা হবে, তা অবশ্য জানানো হয়নি।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তির লক্ষ্য তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনও একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
চুক্তির আওতায় ইতোমধ্যে বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে তিন দেশ। গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে প্রথম কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানরা অংশ নেন। ওই বৈঠকে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা এবং সামরিক সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবারের বৈঠকে মক্কাসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর মধ্যেই ইয়েমেন থেকে নতুন করে হামলার খবর জানিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, বৃহস্পতিবার তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, হুতিদের আরও হামলা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। এর আগে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছিল। পরে জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
অন্যদিকে হুতিরা রিয়াদে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তার প্রস্তাব দিয়েছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইয়ানবু রক্ষায় সামরিক সরঞ্জাম ও জনবল পাঠানোর কথা জানিয়েছেন।
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের পাশে মিত্রদেশগুলো
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩