যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রায় পাঁচ সপ্তাহ আগে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি পাঠিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করা, ইসরায়েলকে দেওয়া সমর্থন ও বিদেশি যুদ্ধের বিরোধিতা করা এবং নীতির পরিবর্তন ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয়, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ রূপ এবং পারস্য উপসাগরের তেল রফতানিতে তেহরানের অবরোধের কার্যকারিতার বিষয়টি লুকিয়ে রাখছেন।
এ বিষয়ে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে এই চিঠি মার্কিন প্রশাসনের আচরণে প্রভাব ফেলবে বলে তিনি আশা করছেন না, তবে ভোটাররা এই বার্তা শুনতে পাবেন। তিনি বলেন, মার্কিন জনগণ অনেক ঘটনা সম্পর্কে জানে না। আমরা বিশ্বাস করি, তারা যদি বিস্তারিত জানত, তবে তারা ভিন্নভাবে চিন্তা করত এবং অন্য সিদ্ধান্ত নিত।
ভোটাভুটির মতামত জরিপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের চাপে থাকা অবস্থায়, ট্রাম্প অন্যতম কারণ হিসেবে ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার কথা উল্লেখ করেছেন। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প জানান, তিনি চাইলে ইসলামিক রিপাবলিককে ‘ধূলিসাৎ’ করতে পারেন।
এর জবাবে মোহেব্বি বলেন, শত্রুরা (যুক্তরাষ্ট্র) ভালো করেই জানে যে ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনীর সদস্যদের জীবন এমন এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যিনি শুধু এক অভ্যাসে পরিণত মিথ্যাবাদীই নন, বরঞ্চ অতিমাত্রায় লোভী একজন মানুষ, যার জীবনের একমাত্র উদ্দেশ্য বিপুল সম্পদ গড়ে তোলা।
এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী কিছু তেল ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বের করতে পারায় হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ কমে গেছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিকে চ্যালেঞ্জ জানান মোহেব্বি। তিনি বলেন, অত্যধিক খরচ, ঝামেলা ও উচ্চ ঝুঁকি নিয়ে মার্কিনরা অন্ধকারের সুযোগে যদি ১০০ বা ২০০ ব্যারেল তেল রফতানির জন্য হরমুজ প্রণালি দিয়ে ছোট একটি জাহাজ গলিয়ে নিয়ে যেতে পারে, তার মানে এই নয় যে প্রণালিটি খোলা রয়েছে।
তবে কেপলার-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে হরমুজ প্রণালি দিয়ে তেল রফতানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে, যা দৈনিক প্রায় ১ কোটি ব্যারেলে পৌঁছাতে চলেছে। এটি যুদ্ধপূর্ববর্তী সময়ের অর্ধেকের কাছাকাছি।
সূত্র: রয়টার্স
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ