সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই-এর দুবাই থেকে ইসরায়েলগামী একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশে এক রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। বিমানে এক পাইলট অন্য পাইলটকে আক্রমণ করে বিমানটি ধ্বংস করার চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। পরে ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, ককপিটে দুই পাইলটের মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। কিছু প্রতিবেদনে ককপিটের ক্যাপ্টেনকে আমিরাতি ও ফার্স্ট অফিসারকে ওমানি বলা হলেও, অন্য এক প্রতিবেদনে পাইলটদের রুশ ও ইউক্রেনীয় বলে উল্লেখ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ওমানি কো-পাইলট পকেটে রাখা ছুরি দিয়ে আমিরাতি ক্যাপ্টেনকে জখম করে বিমানটি ক্র্যাশ করার চেষ্টা করেন। তবে উড়োজাহাজে থাকা অন্য দুই পাইলট ও যাত্রীরা হামলাকারীকে কাবু করেন এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করান।
ঘটনার সময় বিমানে তৈরি হয় চরম আতঙ্ক। সাধারণ জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠানোর পর সৌদি আরবের আকাশে বিমানটি থেকে ছিনতাইয়ের সংকেত ‘৭৫০০’ পাঠানো হয়। মাত্র এক মিনিটের কম সময়ে বিমানটি ৩৪ হাজার ফুট থেকে নিচে নেমে ১৭ হাজার ফুটে চলে আসে। একপর্যায়ে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এই পতনে ইসরায়েল যুদ্ধবিমান মোতায়েন করে, আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জরুরি বৈঠকে বসেন। ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, সামান্যর জন্য এক ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিতে এক যাত্রীর শার্ট রক্তে ভেজা দেখা গেছে। এক নারী যাত্রী বলেন, বিমানে চিৎকার শুরু হয়... যাত্রীরা বুঝতে পারছিলেন কী ঘটছে। আমরা হয় ক্র্যাশ করতে যাচ্ছিলাম, না হয় মারা যাচ্ছিলাম। এটি যেন মাঝআকাশে এক সন্ত্রাসী হামলা ছিল।
আরেক যাত্রী জানান, আমরা বিমানে চিৎকার শুনতে পাই। এরপর ককপিট খোলা হলে আমরা রক্ত দেখতে পাই এবং কেউ একজন পাইলটকে পকেটনাইফ দিয়ে জখম করেছে।
নোয়াম নামের এক নারী যাত্রী বলেন, আমরা জানতে পেরেছি এক পাইলট ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং তারা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করেছিল। এটি ছিল খুবই ভীতিকর।
বর্তমানে সৌদি কর্তৃপক্ষ অভিযুক্ত কো-পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে এবং এতে কোনও সন্ত্রাসী ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে।
সূত্র: উইয়ন নিউজ
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের