ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সংশয় বাড়ায় সদস্য দেশগুলোর সামরিক সমন্বয় জোরদার করতে নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে।
কেন্দ্রটি কুয়েতে নির্মিত হবে। ইরান ও তেহরানপন্থী ইরাকি মিলিশিয়াদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সয়েছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি বলেন, কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে। তবে এর বাইরে বিস্তারিত জানাননি তিনি।
ছয় উপসাগরীয় দেশের এই জোট ২০০০ সালে যৌথ প্রতিরক্ষা চুক্তি করে। সেখানে বলা হয়, একটি সদস্যের ওপর হামলা সবার ওপর হামলা। তবে জিসিসির আত্মরক্ষার অঙ্গীকার ন্যাটো জোটের মতো অটুট নয়।
জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। সৌদি আরবে হুথিদের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়ও সংগঠনটির সাড়া মেলেনি।
কুয়েতে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত এর বাস্তব কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। উপসাগরের বাঁকে অবস্থানের কারণে যুদ্ধের সময় ইরান ও ইরাকি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় দেশটি বিশেষভাবে ঝুঁকিতে ছিল।
যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। দেশটিতে ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটি নামে দুটি বড় ঘাঁটি রয়েছে, যেগুলোতে ইরান তীব্র হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি রক্ষা করতে পারেনি, সেখানে জিসিসি কীভাবে একটি কমান্ড কেন্দ্র রক্ষা করবে, তা স্পষ্ট নয়।
নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো। হুথি হামলার মধ্যে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি সক্রিয় করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করেছে।
অর্ধশতকের বেশি সময় ধরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তাদাতা যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের ফলে সেই সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি। এর জবাবে মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান। কিছু উপসাগরীয় বিশ্লেষকের মতে, নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প