মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার যে প্রস্তাব দিয়েছেন তাতে থাকছে না এক মুসলিমের নাম। লন্ডনের সদ্যনির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিকের ব্যাপারে নিজের এমন অবস্থান ব্যক্ত করেন মুসলিমবিদ্বেষী এ নেতা।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। এক নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। এদিকে গত ৭ মে (শনিবার) লন্ডনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন সাদিক খান। একইসঙ্গে তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়রও। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি হয়তো যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার মেয়রদে কাজ দেখার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।
এমন প্রেক্ষাপটে সাদিকের ব্যাপারে ট্রাম্পের অবস্থান কী হবে সে ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। ট্রাম্প বলেন, সাদিক খান লন্ডনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে তিনি অত্যন্ত সুখী বোধ করছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমি খুবই খুশি। এটি খুবই ভালো ব্যাপার। সাদিক যদি ভালো কাজ করেন, তবে তা হবে আরও মারাত্মক ব্যাপার।’
গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/








