অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। শনিবার (৪ জুন) থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের ফলে কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
নিউ সাউথ ওয়েলসজুড়ে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে লিজমোর, ক্রুকস রিভার, জর্জেস রিভার, নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলীয় এলাকা এবং ফিঙ্গার হেডের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া জর্জেস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চিপিং, নরটন, মিলপেরা, ল্যানসভালে এবং ক্যারামারসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিডনির নিচু অঞ্চলের অধিবাসীদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ হওয়া হয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাসমানিয়া এবং কুইন্সল্যান্ডে জরুরি সেবাকর্মীরা প্রতিনিয়ত রাস্তাঘাট পরিষ্কারের কাজ করে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবারও আবহাওয়া পরিস্থিতির তেমন কোনও উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
উপদ্রুত এলাকার জনগণকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু এলাকার প্রধান সড়কে বন্যার পানি চলে আসায় ওই সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
আরও পড়ুন:
বেকারদের বেতন দেওয়ার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট
পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
‘আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলার অধিকার নেই জার্মানির’
/এসএ/








