জার্মানির মিউনিখে সন্ত্রাসী হামলার পর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিউনিখের মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে ওই ভ্রমণ সতর্কতা জারি করে।
মার্কিন বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) মিউনিখের একটি শপিং সেন্টারসহ কয়েকটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। সন্ত্রাসী হামলার পর বড় মাত্রায় পুলিশি অভিযান চলছে, তাই মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সন্ত্রাসী সংগঠনগুলো প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তাই মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সেই সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের ওয়েবসাইটের দিকে খেয়াল রাখতে এবং মার্কিন কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ওই বিবৃতিতে।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
/এসএ/এএ/








