পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। সোমবার স্থানীয় সিভিল হাসপাতালে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্যা পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অন্তত ৫ জন নিহত ও ২০ জন হওয়ার খবর পাওয়া যায়। পরে বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফরাজ বুগতি নিহতের সংখ্যা ১০ ও আহত ৩০ জন বলে জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।
ডন-এর খবরে বলা হয়েছে, সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বালুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত পরই হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। পুলিশের একটি সূত্র জানায়, হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা উপস্থিত হওয়ার পরই বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১৫ জন। বিস্ফোরণে আজ টিভির এক সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জিও নিউজের খবরে ২৫ জন নিহতের আশঙ্কার কথা বলা হয়েছে।
স্থানীয় টিভির খবরে বলা হয়েছে, আতঙ্কে দৌড়ে হাসপাতাল থেকে মানুষজন বের হওয়ার চেষ্টা করছেন।
সেনা সদস্য ও পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকজন আহতকে চিকিৎসার অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। সূত্র: ডন।
/এএ/







