ভারতের হায়দ্রাবাদের প্রাণকেন্দ্রের একটি ব্যস্ত সড়কে একটি শিশুর জন্ম হয়েছে। নিজেদের উপস্থিত বুদ্ধি দিয়ে ও ধাত্রীর দায়িত্ব পালন করে শিশুটির জন্মদানে সহযোগিতা করেছেন শহরের এক দল নারী পুলিশ। মঙ্গলবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে এ ঘটনা ঘটে।
দুপুরের দিকে একটি ফোন পান পুলিশ ইন্সপেক্টর ভীম রেড্ডি। তাকে বলা হয়, এক গর্ভবতী নারীর সাহায্য প্রয়োজন। নগরের এক বিখ্যাত সিনেমা হল শান্তি থিয়েটারের বিপরীত দিকে তিনি আছেন। ইন্সপেক্টর ভীম তখন দ্রুতই পুলিশের একটি দল পাঠান। টিমে কয়েকজন নারী কনস্টেবলও ছিলেন।
আরও পড়ুন: ‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’
ঘটনাস্থলে পৌঁছে ওই নারী কনস্টেবলরা বুঝতে পারেন ওই গর্ভবতী নারীর প্রসবের সময় হয়ে এসেছে। হাসপাতালে নেওয়ার মতো অবস্থা আর নেই। তাই সময় নষ্ট না করে তারা শাড়ি ও বিছানার চাদর দিয়ে গোপনীয়তা রক্ষার অস্থায়ী ব্যবস্থা করেন। সেখানেই শিশুটির জন্ম হয়। এ সময় পুলিশের অপর সদস্যরা মানুষের ভিড় ঠেকানোর কাছে ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন: বিয়ের পাত্রী হিসেবে চীনে পাচার হচ্ছেন ভিয়েতনামের নারী
কনস্টেবলদের ওই দলে ছিলেন সারদা, শোভা, জয়তি ও দিব্যা নামের চার পুলিশ সদস্য। অল্প সময়েই তারা সুখবর জানান, ‘ছেলে হয়েছে।’
নবজাতক শিশু ও প্রসূতি মাকে কিছুক্ষণের মধ্যেই নিকটস্থ একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র। সূত্র: এনডিটিভি।
/ইউআর/এএ/








