পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
শাহবাজ শরিফ লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য তার সাফল্য কামনা করি।
তিনি আরও লিখেছেন, আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা গভীর করার জন্য তার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আরও তিন উপদেষ্টার শপথ নেওয়ার কথা রয়েছে।









