পূর্ব তুরস্কের এরজুরুম শহরে জরুরি অবতরণ করা ভারতীয় বিমানে বোমা রাখার খবরটি মিথ্যা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় গভর্নর মুস্তাফা সিফতসি জানিয়েছেন, বিমানটি তল্লাশি করে দেখা গেছে, সেখানে কোন বোমা রাখা নেই। বোমা রাখার হুমকিটি পুরোপুরি মিথ্যা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে বোমার হুমকির কারণে এরজুরুম শহরে জরুরি অবতরণে বাধ্য হয়।
তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের একটি শৌচাগারে পাওয়া কাগজে লেখা ছিল -‘বোম অন বোর্ড’ বা সেখানে বোমা রাখা আছে।এ খবরে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত বিমানটিতে তল্লাশি চালায়। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানের ২৩৪ যাত্রী ও ১৩ ক্রুকে।
ভিস্তারা এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে যাত্রা করা ইউকে২৭ ফ্লাইটটি ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের’ কারণে যাত্রাপথ পরিবর্তন করেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে এরজুরুমে অবতরণ করে।
পরে গভর্নর মুস্তাফা সিফতসি বিমানবন্দরের সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টায় আমরা সব ধরনের তল্লাশি ও পরীক্ষা-নিরিক্ষার কাজ শেষ করেছি। আমরা যেসব কাজ করেছি, তাতে দেখা গেছে যে বোমা হামলার হুমকির তথ্যটি ভিত্তিহীন।
সিফতসি আরও বলেন, বিমানটি ফাঁকা করে সেখানে প্রয়োজনীয় সব তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালানোর সময় বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে তল্লাশি শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বিমান সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তুরস্ক যাবে তাদের একটি বিকল্প বিমান। ওই বিমানে যাত্রীদের তুরস্ক থেকে ফ্রাঙ্কফুর্টে নেওয়া হবে।








