রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের ফলে রাশিয়া কিছু হারায়নি এবং হারাবেও না। বুধবার রুশ শহর ভ্লাদিভস্তকে ইকনোমিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনে রুশ সামরিক পদক্ষেপ পরিকল্পনা করা হয়েছে রাশিয়ার সার্বভৌমত্ব শক্তিশালী এবং পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বসবাসকারী মানুষকে সহযোগিতার জন্য।
ভ্লাদিমির পুতিন বলেন, আমরা কিছু হারাইনি এবং কিছু হারাবো না। কী অর্জন করেছি তা বলতে গেলে আমি বলব প্রধান অর্জন আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করা।
পুতিন স্বীকার করেছেন যে, ইউক্রেনে সেনা পাঠানোর ফলে রাশিয়া ও বিশ্বে নির্দিষ্ট বিভাজন সৃষ্টি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সেনা পাঠিয়ে আক্রমণ শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ইউক্রেনের সামরিক সক্ষমতা হ্রাস ও বিপজ্জনক জাতীয়তাবাদীদের নির্মূল করার লক্ষ্যে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করছে।
ইউক্রেনীয় ভূখণ্ড দখলকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা অভিহিত করে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে। রুশ আক্রমণের পর বিশ্বে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়েছে।
পুতিন বলেন, আমাদের সব কর্মকাণ্ডের লক্ষ্য হলো ডনবাসের বাসিন্দাদের সহযোগিতা করা। এটি আমাদের দায়িত্ব এবং শেষ পর্যন্ত আমরা তা পালন করব। এটি ভেতর থেকে রাশিয়াকে এবং আমাদের পররাষ্ট্রনীতির অবস্থান শক্তিশালী করবে।









