জি-২০ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছানোর পর সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এপি। তবে এমন খবর নাকচ করে দিয়েছে মস্কো।
এপির খবরে বলা হয়েছে, বালি দ্বীপে চিকিৎসাধীন রয়েছেন ল্যাভরভ। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হার্টের সমস্যা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা এপির এ সংক্রান্ত প্রতিবেদনটিকে প্রতারণামূলক হিসেবে আখ্যায়িত করেছেন।
মারিয়া জাখারোভা পরে ল্যাভরভকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি অস্বীকার করলেও তিনি ইন্দোনেশিয়ায় কোনও ধরনের চিকিৎসা নিয়েছেন কিনা সেটি উল্লেখ করেননি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ল্যাভরভ বর্তমানে হোটেলে রয়েছেন। মঙ্গলবার জি-২০ সম্মেলনে অংশ নেবেন তিনি।
বালিতে এবারের জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করার কথা রয়েছে ল্যাভরভের।









