ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার (২৭ ডিসেম্বর) মস্কোতে বৈঠক করবেন। তাদের আলোচনায় ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু স্থান পাবে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এ খবর জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকের বৈঠকে পরিবহন, ব্যাংকিং ও আর্থিক চেইন গড়ে তোলা নিয়ে আলোচনা করবেন।
মন্ত্রণালয় আরও বলেছে, তাদের আলোচনায় এশীয় প্রশান্ত অঞ্চলের নিরাপত্তা, ইউক্রেন, আফগানিস্তানের পরিস্থিতি ও ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাত স্থান পাবে।
সোমবার পাঁচ দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সফরে তিনি একাধিক বৈঠক করবেন। ইতোমধ্যে তিনি রেড স্কয়ার পরিদর্শন করেছেন। রাশিয়ার বাণিজ্যমন্ত্রী ডেনিম মান্তুরভের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। সফরের বেশিরভাগ সময় তিনি মস্কো ও সেন্ট পিটার্সবাগে কাটাবেন।
এর আগে ২০২২ সালে জয়শঙ্কর রাশিয়া সফর করেন। ওই সময়ও তিনি ল্যাভরভ ও মান্তুরভের সঙ্গে বৈঠক করেছিলেন।









