রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার মা লুদমিলা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যে কারাগারে নাভালনির মৃত্যু হয়েছে সেই পেনাল কারাগারে যান তার মা ৬৯ বছর বয়সী লুদমিলা। শনিবার আর্কটিকের মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই ছেলের লাশ গ্রহণ করতে যান তিনি। কিন্তু তাকে বলা হয়, নাভালনির মৃতদেহ কাছের শহর সালেখার্ডের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পরে মর্গে গিয়ে দেখা যায় সেটি বন্ধ।
কারাগার থেকে নাভালনির মা এবং তার আইনজীবীকে অফিসিয়াল মৃত্যুর নোটিশ দেওয়া হয়। সেখানে মৃত্যুর সময় ১৬ ফেব্রুয়ারি, স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিট লেখা ছিল। তার আকস্মিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হবে না বলেও তাদের জানিয়েছিল কারা কর্তৃপক্ষ।
এ ঘটনার পর, নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। আর হত্যার প্রমাণ লোপাট করতেই রাশিয়ার এই বিরোধীদলীয় নেতার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।
ইয়ারমিশ আরও বলেন, তাদের বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নাভালনিকে মেরে ফেলতে বলেছেন।
রাশিয়ার আইন অনুযায়ী, কোনও কারাবন্দি মারা গেলে দুই দিনের মধ্যে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করতে হয়।
নাভালনির মৃত্যু ও তার মৃতদেহ নিয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি পুতিন বা তার কার্যালয়।
৪৭ বছর বয়সী নাভালনি ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন। উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও তাতে অর্থায়নের অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাজাই খাটছিলেন তিনি।
গত বছরের শেষদিকে নাভালনিকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয়। বন্দিদের ওপর নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি রয়েছে পেনাল কলোনি নামে পরিচিত এই কারাগারের।
রাশিয়ায় এক দশকের বেশি সময় রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নাভালনি। দীর্ঘদিন ধরে পুতিন প্রশাসনের দুর্নীতির তথ্য নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরতেন তিনি। আর এ কারণেই পুতিনের চক্ষুশূল ছিলেন তিনি। এর আগেও তাকে দুইবার হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণেই তাকে হত্যা করা হয়েছে বলেই মনে করছেন তার সমর্থকরা।









