ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত হীরা-জহরত প্রদর্শন করা হবে বাকিংহাম প্যালেসে। আগামীকাল (২২ জুলাই) শুক্রবার থেকে এই প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। সবার জন্য তা দেখার সুযোগ থাকছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মূল্যবান ও দুর্লভ তাজ, কানের দুল এবং নেকলেসসহ অনেক গয়না সাজানো থাকবে। রানি এলিজাবেথ সিংহাসনে আরোহনের ৭ দশক পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রুচিশীল পোশাক আর গয়না পড়তে পছন্দ করেন এলিজাবেথ।
৯৬ বছর বয়সী এলিজাবেথ বিটেনে দীর্ঘসময় রাজত্ব করছেন। তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুতে ৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে সিংহাসনে বসেন তিনি। ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে তার জন্মদিনটি পালন হয়ে থাকে।









