যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জ-সংক্রান্ত চুক্তিকে তীব্র ভাষায় সমালোচনা করে একে চরম দুর্বলতার কাজ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, চাগোস দ্বীপপুঞ্জ-সংক্রান্ত চুক্তিই প্রমাণ করে কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা জরুরি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, অবিশ্বাস্য হলেও সত্য, যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও তাদের ন্যাটো মিত্র যুক্তরাজ্য কোনো স্পষ্ট কারণ ছাড়াই ডিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসকে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি আরও বলেছেন, চাগোস দ্বীপপুঞ্জের অংশ ডিয়েগো গার্সিয়ার সার্বভৌমত্ব হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুতর উদ্বেগের বিষয়।
ট্রাম্প আরও বলেছেন, এই সিদ্ধান্তই প্রমাণ করে কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে থাকা জরুরি এবং এ পদক্ষেপ যে চীন ও রাশিয়ার নজরে পড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এদিকে, যুক্তরাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী ড্যারেন জোন্স বলেছেন, এই চুক্তিই সামরিক ঘাঁটির জন্য সবচেয়ে ভালো সমাধান, কারণ এর মাধ্যমে আগামী ১০০ বছর ঘাঁটির কার্যক্রম নিশ্চিত করা যাবে। তিনি আরও বলেছেন, চুক্তিটি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে, এখন এটি আর বদলানো সম্ভব নয়।
তিনি আরও যোগ করে বলেছেন, ব্রিটেনের স্বার্থ রক্ষার সর্বোত্তম উপায় হলো বিশ্বজুড়ে কূটনৈতিক প্রভাব কাজে লাগানো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ককে ব্যবহার করা।
উল্লেখ্য, ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য–মরিশাস চুক্তিটি বাস্তবায়নে কিছুটা দেরি করে লন্ডন, যাতে নতুন মার্কিন প্রশাসন চুক্তির বিস্তারিত পর্যালোচনার সুযোগ পায়।









