ত্রিনিদাদে ছুটি কাটাতে গিয়ে ডাকাতির কবলে পড়ে এক বৃটিশ ক্রিকেটার নিহত হয়েছেন। রবিবার রাতে আদ্র্রিয়ান সেন্ট জন নামে ওই ব্রিটিশ ক্রিকেটার নিহত হন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বিষয়টি জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সী আদ্রিয়ান রবিবার রাতে ৫০ বছরের এক নারী যাত্রীকে নিয়ে একটি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। মেয়েকে নেওয়ার জন্য গাড়ি থামালে দুর্বৃত্তদের হামলার কবলে পড়েন।
পুলিশ জানায়, বন্দুকের মুখে দুই ব্যক্তি তাকে গাড়ি থামাতে বলেন। এরপর দুর্বৃত্তরা তাদের সবকিছু ছিনিয়ে নিতে উদ্যত হয়। এ সময় তিনি দুর্বৃত্তদের ধাক্কা দিলে তারা গুলি করে এবং মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় সময় সাড়ে আটটার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ
আদ্রিয়ানের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছেন তার সহকর্মীরা। লন্ডনে তিনি রিক্রুটমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতেন এবং লেভেল ২ ক্রিকেট কোচও ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল টুইটারে লিখেছেন, সংবাদটা খুব দুঃখের। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আদ্রিয়ানের এক বন্ধু টমি স্মিথ তাকে সবচেয়ে হাস্যকর ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: মার্কিন সেনার ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা: ব্রিটিশ তরুণের কারাদণ্ড
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডুলউইকের আলেইন ক্রিকেট ক্লাবে তিনি খেলেছেন। এ ক্লাবের হয়ে তিনি ৮৫ ম্যাচে অংশ নেন। তার মৃত্যুতে ক্লাবটিও শোক প্রকাশ করেছে।
আদ্রিয়ানের জ্ঞাতিবোন লিয়েনদ্রা আলেজান্দার জানান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে গত ফেব্রুয়ারি যান আদ্রিয়ানে। আগামী মঙ্গলবার তার দেশে ফেরার কথা ছিল।
আরও পড়ুন: একই সময়ে ১০টি স্থানে সন্ত্রাসী হামলার শঙ্কায় লন্ডন
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বৃটিশ নাগরিকের নিহতের ঘটনায় ত্রিনিদাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় দূতাবাস যে কোনও সহযোগিতা করতে প্রস্তুত আছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।
/এএ/








