সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস নিউইয়র্কে অবতরণ করেছে। বিমানটি শুধু সৌর শক্তি ব্যবহার করে গোটা বিশ্ব ভ্রমণের শেষ পর্যায়ে শনিবার ভোরে নিউ ইয়র্কে অবতরণ করে। এর মাধ্যমে বিমানটি পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের এই ৫ ঘণ্টাব্যাপী দীর্ঘ ফ্লাইট সম্পন্ন করল।
বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচুটির ওপর দিয়ে বিমানটি উড়ে যায়। এ সময় বিমানটি স্ট্যাচুর চারপাশে চক্কর দেয় এবং ম্যানহাটন স্কাইলাইনে ভ্রমণ করে। প্রদক্ষিণের সময় বিমান থেকে ছবিও তোলা হয়। এরপর কেনেডি বিমানবন্দরে দিকে যাওয়ার জন্য বিমানটি দক্ষিণ দিকে ফিরে যায়। হালকা ধীর গতির বিমানটি নির্ধারিত সময়ের এক মিনিট আগে বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় রাত ৩টা ৫৯ মিনিটে বিমানটির অবতরণ করার কথা ছিল।
বিমানে থাকা অবস্থায় ককপিট থেকে স্যাটেলাইট ফোনে বিবিসিকে সুইস পাইলট অ্যান্ড্রে বোর্সবার্গ বলেন, ‘এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। আমার একটি স্বপ্ন পূরণ হল।’
স্ট্যাচু অব লিবার্টিকে পাশ কাটানোর কথা বলতে গিয়ে বোর্সবার্গ আনন্দের সঙ্গে বলেন, ‘এটা আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।’
এটি ছিল বিমানটির পূর্ব-পশ্চিম বিশ্ব ভ্রমণের ১৪তম ধাপ। ২০১৫ সালের ৯ মার্চ আবুধাবি থেকে বিমানটি যাত্রা শুরু করে। এরপর এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়।
নিউইয়র্ক থেকে সোলার ইম্পালস দল আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করবে। সূত্র: বিবিসি।
/এএ/








