আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে লেখা বহুল বিক্রীত বইয়ের সব আয় যুক্তরাষ্ট্র সরকারকে দিয়ে দিতে রাজি হয়েছেন বইটির লেখক সাবেক নেভি সিল সদস্য ম্যাথিউ বিসোনেট। বইটির খসড়া সরকারকে না দেখিয়ে প্রকাশ করায় চুক্তিভঙ্গের কারণে বইটির প্রকাশের আগে ও পরে যতো আয় হয়েছে তা দিতে বাধ্য হচ্ছেন লাদেনের কিলিং মিশনে অংশ নেওয়া এই সিল সদস্য।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর মুখপাত্র নিকোল নাভাস মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক বিবৃতিতে বলেছেন, ম্যাথিউ বিসোনেট তার লেখা বই ‘নো ইজি ডে’- প্রকাশের পূর্বে ও পরে অর্জিত সব আয় সরকারকে দিতে রাজি হয়েছেন।
নৌ, সেনা ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত মার্কিন নেভি সিল বাহিনীর সদস্য ম্যাথিউ বিসোনেট। ২০১১ সালে সিল টিমের অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। অভিযানে ম্যাথিউ বিসোনেট অংশ নিয়েছিলেন।
ডেইলি বিস্ট জানিয়েছে, আইনি ব্যয়সহ বিসোনেটকে প্রায় ৭মিলিয়ন ডলার আয় মার্কিন সরকারকে দিতে হচ্ছে। বইটি সর্বাধিক বিক্রিত হওয়া বইগুলোর মধ্যে একটি ছিল।
যুক্তরাষ্ট্র সরকার ম্যাথিউ বিসোনেটের বিরুদ্ধে চুক্তির ভঙ্গের অভিযোগে দেওয়ানি মামলা করে। নৌ বাহিনীর সদস্য হিসেবে কোনও অভিযানের তথ্য প্রকাশের আগে তা সরকারকে দেখিয়ে নিতে হয়। যাতে করে এতে কোনও সরকারি গোপনীয় তথ্য ফাঁস না হয়।
তবে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়নি। কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় তার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়।
ম্যাথিউয়ের এক আইনজীবী রবার্ট লাসকিন আগেই জানিয়েছিলেন, জাস্টিস ডিপার্টমেন্ট গত আগস্টে তদন্ত বন্ধ করে দেয়। ২০১৪ সালে তিনি সরকারের সঙ্গে ম্যাথিউয়ের এক চুক্তি করান। যাতে করে ম্যাথিউ তার বইয়ের লাভের কয়েক মিলিয়ন ডলার সরকার দিতে রাজি হন।
নিজের বইয়ের সব আয় সরকারকে দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ম্যাথিউ-এর পক্ষ থেকে এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার দ্য ডেইলি বিস্টকে বিসোনেট জানান, দীর্ঘদিন তদন্তের পর তারা আমার বিরুদ্ধে কোনও অভিযোগের সত্যতা পায়নি। এজন্য তারা আমাকে নিয়ে হতাশ ছিলো। তারা যে কোনওভাবে বিষয়টির সুরাহা চাচ্ছিলো। এখন একটি স্বাক্ষরে সব সমস্যার সমাধান হয়ে গেলো। সূত্র: সিএনএন।
/এএ/বিএ/








