সৌদি পেপারস ফাঁস হয়েছিল ১৬ মাস আগে। তা নিয়ে কেন হঠাৎ করেই প্রতিবেদন তৈরি করতে গেল মার্কিন বার্তা সংস্থা এপি? এই প্রশ্নকে ঘিরে আলোচনা শুরু হয় মার্কিন বার্তা সংস্থার উইকিলিকসকে ঢালাও ব্যক্তিগত তথ্য ফাঁসে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশের পর। প্রশ্নটা এখন আর কেবল উইকিলিকসের নয়। প্রশ্নটা হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস থেকে শুরু করে আরও অনেক সচেতন মানুষের। অনেকেই মনে করছেন, হিলারির ই-মেইল ফাঁস করে তাকে বিপন্ন করে তোলা উইকিলিকসকে রুখতে তার চরিত্র হননের চেষ্টা চলছে। সঙ্গত কারণেই উইকিলিকস এপিকে দুষছে মিথ্যাচারের অভিযোগ তুলে।
উল্লেখ্য, ২৩ আগস্ট মার্কিন বার্তা সংস্থা এপি’র এক অনুসন্ধানে উইকিলিকস-এর বিরুদ্ধে ঢালাও ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগ আনা হয়। তাদের অনুসন্ধানে দাবি করা হয়, সম্প্রতি যে গোপন নথিগুলো ঢালাওভাবে উইকিলিকস ফাঁস করেছে, তাতে শত শত মানুষের ব্যক্তিগত তথ্যও রয়েছে। ব্যক্তিগত এসব তথ্যের মধ্যে রয়েছে অসুস্থ শিশু, ধর্ষণের শিকার নারী ও মানসিক রোগীর তথ্য। উইকিলিকসের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের এক সৌদি নাগরিকের পরিচয় ফাঁস করে তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে ওই প্রতিবেদনে।
তবে এপির এ প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলে উইকিলিকস। প্রশ্নটি হলো, কেন ১৬ মাস আগের ফাঁস হওয়া নথি নিয়ে এখন প্রতিবেদন? তারা দেখিয়ে দেয় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের জুন মাসে। অর্থাৎ প্রায় এক বছরেরও বেশি সময় আগে। (http://bigstory.ap.org/article/7b2b1c34d7e846fbadc9dfdafd0d7485/wikileaks-exposes-saudi-liquor-runs-clintons-passport)। তখন এমন কোনও আলাপ ছিল না। এখন কেন? কারণ ডেমোক্র্যাটিক পার্টিকে নির্বাচন জেতানো?
এপির প্রতিবেদন প্রকাশের পর বেশ কয়েকটি টুইটের মাধ্যমে উইকিলিকস দাবি করেছে, তাদের বিরুদ্ধের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মোদ্দা কথায় ডেমোক্র্যাট হিলারিকে জেতাতে কর্পোরেট মিডিয়া যে সংঘবদ্ধ প্রচেষ্টা নিয়েছে, এ তারই ফলাফল। এপিকে নির্দেশ করে তারা বলছে, মার্কিন মিডিয়াগুলো কতোটা অধঃপতিত হয়েছে নির্বাচনকালে তা বোঝা যায়।
উইকিলিকস দাবি করেছে, যে তুর্কি নারী ও সৌদি অ্যাক্টিভিস্টের তথ্য ফাঁসের কথা বলা হয়েছে, তা উইকিলিকস ফাঁস করেনি।
উইকিলিকসের এই দাবির সমর্থনে হ্যাকটিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস তাদের ওয়েবসাইটে লিখেছে, উইকিলিকসকে নেতিবাচক চেহারা দেওয়ার একটি সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে মূলধারার সংবাদমাধ্যমগুলো। অ্যাসাঞ্জ ও উইকিলিক্সের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করা হয়েছে। বিশেষত যখন উইকিলিকস নিজেই ডেমোক্র্যাটদের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
অ্যানোনিমাস গ্রুপের লেখায় প্রশ্ন তোলা হয়েছে, প্রায় এক বছর আগের একটি ঘটনা আজ কেন ব্রেকিং নিউজ হিসেবে শিরোনাম হচ্ছে। উইকিলিকসকে বিশেষভাবে লক্ষ্য করেই ডেমোক্র্যাটরা এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা পদাধিকারবলে এই বিষয়টিতে প্রভাব রেখেছে, যার ফলেই আজকের এই শিরোনাম।
প্রসঙ্গত, ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশনের আগে দলের কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া এমন ১৯ হাজারেরও বেশি ই-মেইল ফাঁস করে আলোচিত উইকিলিকস। ফাঁস হওয়া ইমেইলগুলোতে ন্যাশনাল কমিটি এবং বার্নি স্যান্ডার্সের মধ্যকার বিভাজন ধরা পড়ে। আর তাতে দেখা যায়, ডেমোক্র্যাট নেতারা আগে থেকেই হিলারিকে মনোনীত করে রেখেছিলেন। আর এর ফলে তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দেন চেয়ারপারসন ডেবি ওয়াজেরমেন শুলজ। ২৫ জুলাই কনভেনশন শুরুর কয়েক ঘণ্টা আগে ‘দলীয় ঐক্য’ ধরে রাখার কথা বলে ডেবি পদত্যাগের ঘোষণা দেন। ফাঁস হওয়া তথ্যে ডেমোক্রেট দলের দাতাদের তালিকাও রয়েছে।

এদিকে, ২৫ আগস্ট (বুধবার) ঢালাও ব্যক্তিগত নথি ফাঁসের অভিযোগে বিশ্বজুড়ে হতাশা-উদ্বেগ আর বিতর্কের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের আরও বেশকিছু তথ্য ফাঁস করার প্রতিশ্রুতি দেয় উইকিলিকস। জুলিয়ান অ্যাসাঞ্জ হুমকি দেন হিলারি ক্লিনটনের এমন কিছু গোপন মেইল তারা প্রকাশ করবেন, যা প্রেসিডেন্ট নির্বাচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তাই হিলারির মেইল ফাঁস আর উইকিলিকসের বিরুদ্ধে হিলারি-বান্ধব মিডিয়া এপির অভিযোগ পারস্পরিক সম্পর্কযুক্ত; এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
অ্যানোনিমাসের ওই লেখায় আরও বলা হয়েছে, বার্তা সংস্থা এপি নিজেদের অলাভজনক সংবাদ সংস্থা হিসেবে দাবি করে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি চলে। এপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সম্পৃক্ততার ইঙ্গিতও পাওয়া গিয়েছে। মার্কিন গণযোগাযোগ ও টেলিযোগাযোগ কর্মীদের একটি ইউনিয়ন। এ ইউনিয়নের সদস্যসংখ্যা প্রায় ৭ লাখ। এই ইউনিয়নটি পৃথিবীর যে কোনও দেশের তুলনায় বড় সাংবাদিকদের (টেলিভিশন কর্মী/ প্রডিওসারসহ) বড় ইউনিয়ন। অ্যাসোসিয়েটেড প্রেস এই ইউনিয়নের এক অন্যতম সদস্য। এপি নিজেও সাংবাদিকতার জগতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশিত হয়, কী করে যুক্তরাষ্ট্রের গণযোগাযোগ কর্মীরা ইউনিয়ন ফি ব্যয় করে। সেখানে দেখা যায়, ১৯৯০ সাল থেকে তারা তাদের ব্যয়ের ৯৭ শতাংশই ডেমোক্র্যাট প্রার্থীদের অনুদান হিসেবে দিয়েছে, যা প্রায় ৪৮ মিলিয়ন ডলারের চেয়েও বেশি।
এই রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করলে স্পষ্টতই প্রতীয়মান হয়, বিষয়টি ১৬ মাস আগের কথা, আজকের আলোড়ন নয়। আমার মতে, এপি সমাজে আলোড়ন তুলতে চেয়েই প্রবন্ধটি প্রকাশ করেছে, এর উদ্দেশ্য স্পষ্ট, উইকিলিকসের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা।
এ থেকে আরও এক ধাপ এগিয়ে অ্যানোনিমাসের লেখক দাবি করেছেন, আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় সাংবাদিকদের নেটওয়ার্ক, যারা কিনা ডেমোক্র্যাটদের পেছনে ৯৭ শতাংশ অনুদান ব্যয় করে, তারা সচেতনভাবেই ১৬ মাস আগের একটি ঘটনাকে আজ প্রকাশ করেছে। কেননা, উইকিলিকস ডেমোক্র্যাটদের ক্ষতি করার হুমকি দিয়েছে।

এদিকে, বার্তা সংস্থা এপি যেদিন উইকিলকসের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করে, একই দিন একটি কলামে প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন মার্কিন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী ড. জিল স্টেইন। তিনি লিখেছেন, বার্নি স্যান্ডার্সকে পরাজিত করতে কীভাবে ডেমোক্র্যাটিক দলের ন্যাশনাল কমিটির কর্মকর্তারা ষড়যন্ত্র করেছেন সংবাদমাধ্যমের সহযোগিতা নিয়ে। উইকিলিকসের এ অন্যতম ফাঁসের ঘটনায় প্রকাশ হয়েছে কীভাবে এটি নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মোহে লাখো মার্কিন নাগরিককে বুঁদ করে লাখা হয়েছে। উইকিলিকস দেখিয়ে দিয়েছে, আমরা একটি সাজানো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বসবাস করছি।
স্টেইন আরও লিখেছেন, উইকিলিকস মূলত রাজনৈতিক দল, সেনা বাহিনী ও অপর প্রভাবশালী সংস্থার সেন্সরশিপের বেড়াজাল ভেঙে যা ঘটছে তা মানুষের সামনে উপস্থাপন করে। যা মূলধারার পণ্ডিতরা করেন না। উইকিলিকস কী ভাবতে হবে তা আমাদের বলে না। তারা আমাদের ইমেইল পড়া, ফুটেজ দেখে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়।
উইকিলকস যে মূলধারার সংবাদমাধ্যমের জন্য হুমকি হয়ে ওঠছে তার কথাও লিখেছেন স্টেইন। তিনি লিখেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুঘলরা তথ্য নিজেদের কুক্ষিগত রাখতে চায়। তারা স্বচ্ছতা ও জবাবদিহীতাকে ভয়ংকর হুমকি মনে করে। এ জন্য তারা গোপন নথি ফাঁসকারী বেশ কয়েকজনকে বিচারের মুখোমুখি করেছে।

এপির বিরুদ্ধে ডেমোক্রেট ও হিলারি ক্লিনটনের পক্ষ নেওয়ার অভিযোগ একেবারে নতুন নয়। এবারের প্রার্থী মনোনয়ন লড়াইয়ের সময়েও বিষয়টি সমালোচিত হয়। প্রাইমারি ও ককাস চলার সময় প্রায় সমান সমান প্রতিদ্বন্দ্বীতা ছিল হিলারি ও সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে। জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন তার মনোনয়ন নিশ্চিত করেছেন বলে আগাম খবর প্রকাশ করে এপি ও সংবাদমাধ্যম এনবিসি। জুলাইয়ে ডেমোক্র্যাটিক কনভেনশনের আগেই এমন সিদ্ধান্ত দেওয়ার ঘটনাকে নীতিবিরুদ্ধ সাংবাদিকতা বলে উল্লেখ করে স্যান্ডার্স শিবির। তারা প্রশ্ন তুলেছে এই ধারার সাংবাদিকতার নৈতিকতা নিয়ে। রাজনীতি বিশ্লেষকরাও এপি-এনবিসির ভূমিকা নিয়ে ওই সময় প্রশ্ন তোলেন।
স্যান্ডার্সের পক্ষের প্রচারণাকারী, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক একজন স্টেট লেজিসলেটর ‘ডেমোক্র্যাসি নাউ’কে বলেছিলেন, ‘এটা একেবারেই নীতিবিরুদ্ধ। এটা হতে পারে না। এটাকে ভোট প্রভাবিত করার চেষ্টা আকারেও দেখা যেতে পারে।’
দিজ ক্যান্ট বি হ্যাপেনিং নামের এক অনলাইন সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সদস্য ডেভ লিন্ডরফ। তিনি বিকল্প সংবাদমাধ্যম কাউন্টার পাঞ্চকে বলেছিলেন, হিলারির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পেছনে কর্পোরেট মিডিয়ার কারসাজি রয়েছে।
অনেকে দাবি করেছেন, ছয়টি প্রাইমারির আগে হিলারির মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে খবর জানিয়ে স্যান্ডার্সের পরাজয় নিশ্চিত করা হয়েছে। স্যান্ডার্স শিবিরের ধারণা, ওই সময় এ খবর প্রকাশ না হলে এতো সহজে হিলারি মনোনয়ন পেতেন না।
/ইউআর/বিএ/এএ/







