যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে মেডিসন স্কয়ার গার্ডেনে ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’ গেয়ে দুনিয়া মাতিয়েছিলেন হলিউডের সর্বকালের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী মেরিলিন মনরো। সেইদিন তার গায়ে ছিলো একটি অর্ধস্বচ্ছ ঝলমলে পোশাক। এবারে নিলামে উঠতে যাচ্ছে সেই পোশাকটি।
জুলিয়ান’স অকশনস জানিয়েছে, আগামী নভেম্বরে লস এঞ্জেলসে এক নিলামে স্থান পাবে ওই পোশাকটি। নিলামঘর কর্তৃপক্ষের ধারণা ৩ মিলিয়ন ডলার পর্যন্ত দাম উঠতে পারে পোশাকটির।
প্রেসিডেন্ট জেএফকের জন্মদিনে অর্ধস্বচ্ছ এবং অত্যন্ত আঁটসাঁট এই পোশাকটি পরে রীতিমতো আলোড়ন তুলে দিয়েছিলেন মনরো। কেননা, ১৯৬২ সালের বাস্তবতায় পোশাকটি ছিলো অনেক বেশি যৌন আবেদনময়।
এই পোশাকটি শেষবারের মতো বিক্রি হয়েছিলো ১৯৯৯ সালে, সে সময় এর দাম উঠেছিলো ১ দশমিক ২৬ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, প্রেসিডেন্ট কেনেডি ও মেরিলিন মনরোর পরকীয়া প্রেমের ঘটনাটিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের যৌন কেলেঙ্কারির ইতিহাসে অন্যতম। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হোয়াইট হাউজ শিক্ষানবিশ মনিকা লিউনস্কির সঙ্গে প্রেমের আগে পর্যন্ত এটিই ছিলো মার্কিন প্রেসিডেন্টদের ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বড় স্ক্যান্ডাল।
সূত্র: দ্য গার্ডিয়ান
/ইউআর/








