নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় আবারও ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ দিয়েছিলেন আগেই। তবে এবার তা ধাক্কা খেয়েছে। মার্কিন কংগ্রেস দেয়াল নির্মাণের কোনও অর্থ বরাদ্দ দিচ্ছে না। এক কংগ্রেসনাল এইডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
রবিবার চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের তহবিলে ১ ট্রিলিয়ন ডলার অর্থ ছাড়ে সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বরাদ্দ থেকে দেয়াল নির্মাণে কোনও অর্থ ব্যয় করা যাবে না।
ট্রাম্পের দেয়াল নির্মাণে কোনও অর্থ ছাড়া না দিলেও সীমান্ত নিরাপত্তার জন্য চুক্তিতে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। গত এক দশকের মধ্যে সীমান্ত সুরক্ষায় এটাই সবচেয়ে বড় বরাদ্দ। অবশ্য এই চুক্তিতে দেয়াল নির্মাণে মেক্সিকোর খরচ না দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
সিনিয়র কংগেসনাল এইড গার্ডিয়ানকে জানিয়েছেন, চুক্তিতে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে সাড়ে ১২ বিলিয়ন করা হয়েছে। এতে আইএসবিরোধী লড়াইয়ের জন্য হোয়াইট হাউস কংগ্রেসের কাছে যে বরাদ্দ চেয়েছে তার চেয়ে দেড় বিলিয়ন বেশি হতে পারে।
সর্বদলীয় চুক্তি হওয়াতে এই বাজেট বরাদ্দ অনুমোদিত হওয়া সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। আগামী শুক্রবারের মধ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটকে এ প্রস্তাব অনুমোদন করতে হবে। যদি অনুমোদিত না হয় তাহলে ২০১৩ সালের পর প্রথম শাটউনের মুখে পড়বে মার্কিন সরকার। সূত্র: গার্ডিয়ান।
/এএ/








