কাতারের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর চলমান কূটনৈতিক সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে প্রচেষ্টা চালাবেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, টিলারসন সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করবেন। এ সময় তিনি গত মাসে সৃষ্ট কূটনৈতিক সংকট নিরসনে কুয়েত, কাতার ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করবেন।
টিলারসন সোমবার তুরস্কের ইস্তাম্বুল থেকে কুয়েত সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সেখানে তিনি কুয়েতের আমিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি কাতার ও সৌদি আরব সফর করবেন।
সংকট সমাধানের এই প্রচেষ্টায় টিলারসন কুয়েতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করবেন বলে জানা গেছে। তবে এসব বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়নি।
জুন মাসের শুরুতে কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ জারি করে। সন্ত্রাসে মদতের অভিযোগ তুলে এ পদক্ষেপ নেয় দেশগুলো। কুয়েত সংকট সমাধানে মধ্যস্ততাকারীর ভূমিকা নিয়েছে। সর্বশেষ চারটি দেশের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সূত্র: এপি।
/এএ/








