মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাদের 'অচিরেই' প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার তিনি ওহাইয়োতে শিল্প শ্রমিকদের এক সমাবেশে একথা বলেন।
ট্রাম্প বলেন, আমরা সিরিয়া থেকে অচিরেই চলে আসব। অন্যরা সেখানকার দায়িত্ব নিক। অচিরেই আমরা সেখান থেকে নিজেদের প্রত্যাহার করব।
মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ৭ ট্রিলিয়ন ডলার অপচয় করেছে।
সিরিয়ার দায়িত্ব কার নেওয়া উচিত, তা উল্লেখ করেননি ট্রাম্প। তবে সিরিয়ায় রাশিয়া ও ইরানের উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও সামরিক উপস্থিতি রয়েছে। দেশ দুটি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহযোগিতা ও সমর্থন করছে।
ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বললেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্টকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এই বিষয়ে তিনি জানেন না।
পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সামরিক ব্যক্তিত্ব মোতায়েন রয়েছে। তারা আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। সূত্র: এএফপি।








