যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে আক্রমণ করতে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যে চটেছেন যুক্তরাষ্ট্রের নারীরা।
২০০৮ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার দৌঁড়ে হিলারির হেরে যাওয়ার প্রসঙ্গ তুলে সোমবার মিশিগানে এক নির্বাচনি প্রচারণায় ট্রাম্প এ অশ্লীল আক্রমণ করেন। ট্রাম্প বলেন,‘হিলারি ওবামাকে হারাতে গিয়েছিলেন। ওবামাকে হারিয়ে জিততে গিয়েছিলেন। কিন্তু পেলেন কী? একটা ... (এখানে ট্রাম্প অশ্লীল শব্দ ব্যবহার করেন)। তিনি হারলেন,তিনি হেরে গেলেন।’
এর আগে শনিবার নির্বাচনি বিতর্কে হিলারির বাথরুমে যেতে বিরতি নেওয়া নিয়েও ট্রাম্প কথা বলেন।
ট্রাম্পের ওই অশ্লীল মন্তব্য নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি ডেমোক্র্যাটরা। হিলারির জনসংযোগ বিভাগের পরিচালক জেনিফার পালমেরি এক টুইটে লিখেছেন,‘যারা শুনেছে,তারা সবাই বুঝেছে,এই ধরনের মন্তব্য সব নারীর জন্য কতটা অবমাননাকর।’
হিলারিকে নিয়ে ট্রাম্পের এই অশ্লীল মন্তব্যের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনায় ছিল ‘অশ্লীল ও যৌনতা’ শব্দ দু’টি। দেশটির নারীরা হিলারিকে করা ট্রাম্পের মন্তব্যকে নারীর প্রতি অবমাননাকর হিসেবেই দেখছেন। মূলধারার গণমাধ্যমে এ মন্তব্য সরাসরি প্রচার হওয়াতে অনেকেই অবাক হয়েছেন।
ট্রাম্পের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েক হাজার নারী। এদের মধ্যে একজন জেস মাকিনটশ লিখেছেন,নারীদের এভাবে অপমান করার চেষ্টা আমাকে অবাক করেছে। ১২ বছরের বালকও কি ট্রাম্পের চেয়ে পরিণত? ট্রাম্প আমাদের মনে করিয়ে দিলেন বিতর্কের সময় তিনি নারীদের কত ঘৃণা করেন।’
ওয়াশিংটন পোস্টের এক টুইটে বলা হয়েছে, ট্রাম্পকে নিজেদের প্রেসিডেন্ট হিসেবে ডাকতে দেশের অর্ধেক নারী বিব্রতবোধ করবে।
হাফিংটন পোস্টের নিনা বাহাদুরও ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
/এএ/বিএ/








