মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, নাভালনিকে বিষপ্রয়োগের কোনও প্রমাণ তিনি দেখতে পাননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, ঘটনাটি দুঃখজনক কিন্তু সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন এর বদলে চীনের প্রতি মনোনিবেশ করার জন্য। তিনি দাবি করেছেন, বিশ্বের জন্য রাশিয়ার চেয়ে বড় হুমকি চীন।
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও জার্মানি বলছে, নাভালনিকে নভিচোক নার্ভ এজেন্ট দ্বারা হামলা চালানো হয়েছে বলে সন্দেহাতীত প্রমাণ রয়েছে। নাভালনির সহযোগিরা বলছেন, রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের নির্দেশে বিষপ্রয়োগ করা হয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। এখনও কোমায় রয়েছেন তিনি। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে; হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে।
শুক্রবার এক প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেছেন, নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনার কোনও প্রমাণ তিনি এখনও দেখতে পাননি। তিনি বলেন, তাই আমি জানি না প্রকৃতপক্ষে কী ঘটেছে। আমি মনে করি এটি দুঃখজনক, ভয়াবহ। এমনটি ঘটা উচিত না। আমাদের হাতে এখনও কোনও প্রমাণ নেই কিন্তু বিষয়টিতে নজর রাখব।
পুতিনের সমালোচনা না করে ট্রাম্প বেইজিংকে বিশ্বের জন্য বড় হুমকি বলে দাবি করেন। তিনি বলেন, মজার বিষয় হলো সবাই সবসময় রাশিয়ার কথা বলে। আপনারা রাশিয়ার কথা বলাতে আমি কিছু মনে করি না। কিন্তু আমি মনে করি হয়ত এই মুহূর্তে রাশিয়ার চেয়ে চীন বড় হুমকি এবং এটি নিয়েই আপনাদের কথা বলা উচিত।








