মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পূর্ব ভূমধ্যসাগর থেকে তুরস্কের প্রতি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সাইপ্রাস সফরের আগে কাতারে এই আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
কাতারের মধ্যস্থতায় তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনায় উপস্থিত হতে দোহা সফর করছেন পম্পেও। এ সময় তিনি জানান, তার সাইপ্রাস সফরের উদ্দেশ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোটাকিসের যোগাযোগ সম্পূর্ণ করা।
সাংবাদিকদের পম্পেও বলেন, গ্রিস ও তুরস্কের মধ্যকার বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধান হওয়া উচিত।
পম্পেও উত্তেজনা নিরসনে জার্মানির ভূমিকা তুলে ধরেন এবং ফ্রান্স যে গ্রিস ও সাইপ্রাসকে সমর্থন করছে তা জানান। তিনি বলেন, আমরা আশা করি সত্যিকার আলোচনা হবে। আমরা আরও আশা করি সেনা প্রত্যাহার করা হবে, যাতে এই আলোচনা হতে পারে।








