চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। বাইডেন আমলে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধজাহাজ অঞ্চলটি পাড়ি দিয়েছে। বৃহস্পতিবার সপ্তম মার্কিন নৌবহরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামরিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। মার্কিন নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের ইউএসএস জন ম্যাককেইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালি পার হয়েছে। এটি তাদের রুটিন অভিযান।
এমন সময়ে মার্কিন যুদ্ধজাহাজ অঞ্চলটি পাড়ি দিলো যার কদিন আগেই তাইওয়ান ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চীন। গত বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অঞ্চলটির স্বাধীনতার অর্থ হচ্ছে যুদ্ধ।
উ কিয়ান বলেন, তাইওয়ানের সামান্য কিছু লোকজন দ্বীপটির স্বাধীনতা চায়। তবে স্বাধীনতাকামীদের আমরা সতর্ক করে দিয়েছি। উসকানি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের সশস্ত্র বাহিনী ব্যবস্থা নেবে। আগুন নিয়ে যারা খেলবে, তারা নিজেরাই পুড়বে। তাইওয়ানের স্বাধীনতার অর্থ হচ্ছে যুদ্ধ।
চীন-তাইওয়ান বিরোধের সূত্রপাত ১৯২৭ সালে। ওই সময়ে চীনজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। এখনও তারাই তাইওয়ান নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ওই সময় যুদ্ধ বন্ধ হয়ে পড়লেও উভয় দেশই নিজেদের চীনের দাবিদার হিসেবে উত্থাপন শুরু করে। তাইওয়ানভিত্তিক সরকার দাবি করে, চীন কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেইজিংভিত্তিক চীন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে।
সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে আবারও নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। যদিও হাতে গোনা কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে, তবে এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনেক দেশের সঙ্গেই দৃঢ় বাণিজ্যিক ও অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে।
মাঝেমধ্যেই মার্কিন সামরিক বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে তাইওয়ান প্রণালিতে এমন অভিযান চালায়। এতে চীন বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। বেইজিং মনে করে এর মাধ্যমে এক চীন নীতির বিরুদ্ধে মার্কিন সরকার তাদের অবস্থানের জানান দেয়। সূত্র: পার্স টুডে, বিবিসি।









