ভারতকে যুক্তরাষ্ট্রের তাৎপর্যপূর্ণ অংশীদার হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। শুক্রবার দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।
হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে জেন সাকি বলেন, ভারত যুক্তরাষ্ট্রের তাৎপর্যপূর্ণ অংশীদার। আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আপনারা জানেন অর্থনৈতিক, কৌশলগত ও নিরাপত্তাসহ নানা ইস্যুতে আমরা ভারতের সঙ্গে কাজ করছি।
বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে চীনকে টেক্কা দিতে দিল্লিকে প্রয়োজন ওয়াশিংটনের। অন্যদিকে ভারতও পরাশক্তি হয়ে উঠতে চায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তার। রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তাসহ নানা ইস্যুতে একযোগে কাজ করছে দুই দেশ।
করোনা বিধ্বস্ত ভারতের জন্য গত মে মাসেই ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৪ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় তিনি ভারতে জীবন রক্ষাকারী কোভিড ভ্যাকসিনের কয়েক হাজার ডোজ পাঠানোর বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত সম্পর্কে তাকে অবহিত করেন। সূত্র: এনডিটিভি।









