ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসে টিকা জ্যানসেন অতি সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এই সুরক্ষা অন্তত ৮ মাস স্থায়ী হয়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, তাদের ভ্যাকসিন নেওয়া মানুষদের দেহে তৈরি হওয়া শক্তিশালী অ্যান্টিবডি ডেল্টাসহ সব ধরনের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অন্তত আট মাস পর্যন্ত সুরক্ষা দেয়।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শক্তিশালী হয়ে উঠবে। জনসনের এক ডোজের টিকাটি শুরুতে এমআরএনএ প্রযুক্তির ফাইজার ও মডার্নার চেয়ে কম সুরক্ষা দেয়। অনেক বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদে সুরক্ষা নিশ্চিত করতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন।
এক সাক্ষাৎকারে জনসনের বৈশ্বিক সংক্রামক রোগ ও টিকা প্রধান জোহান ভ্যান হুফ বলেন, সত্যিকার অর্থে আমরা ভীষণ খুশি এবং আত্মবিশ্বাসী যে এই মুহূর্তে বুস্টার ডোজের কোনও প্রয়োজনীয়তা নেই এবং আমরা বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষিত।
কোম্পানিটি জানায়, তাদের টিকা নেওয়ার ২৯ দিনের মধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
সর্বশেষ তথ্যের ভিত্তিতে ভ্যান হুফ বলেন, জনসন অ্যান্ড জনসন বিশ্বাস করে না তাদের টিকা নেওয়া মানুষদের অন্তত এক বছরের মধ্যে বুস্টার ডোজের প্রয়োজন হবে। প্রয়োজন হলেও আমাদের টিকার ফর্মুলায় কোনও পরিবর্তন আনার দরকার পড়বে না।









