তালেবানের আফগানিস্তান দখল ও মার্কিন নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রথম এশিয়া সফর শুরু করেছেন। রবিবার এই সফরের প্রথম দেশ সিঙ্গাপুরে তিনি পৌঁছান। এরপর তার ভিয়েতনাম যাওয়ার সূচি রয়েছে। সফরে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ভাইস প্রেসিডেন্ট তার এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।
এশিয়ান-আমেরিকান এবং মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস রবিবার সিঙ্গাপুর পৌঁছান। সোমবার নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার সফরের কার্যক্রম শুরু হবে।
কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোনও ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে এই অঞ্চল সফর করছেন।
তার ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে, কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনি, অন্যান্য বিদেশি এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, ওই সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়। সূত্র: এনডিটিভি









