দুইটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইউরোপ পৌছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন এক সময়ে তিনি এই সফর শুরু করছেন যখন নিজ দেশেই ঝুলে গেছে তার ব্যয় পরিকল্পনা। বাইডেন আশা করেছিলেন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সামনে বড় একটি জলবায়ু প্যাকেজ ঘোষণা করবেন। তবে বৃহস্পতিবার বাইডেনের ব্যয় পরিকল্পনা ভোটাভুটিতে পাঠিয়ে দিয়েছে তার সহকারি ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
জি২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভোরে রোমে পৌঁছেছেন জো বাইডেন। এই সম্মেলনে বৈশ্বিক ন্যুনতম কর চালু হবে শীর্ষ এজেন্ডা। আমেরিকার দ্বিতীয় ক্যাথোলিক প্রেসিডেন্ট বাইডেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও শুক্রবার সাক্ষাৎ করবেন।
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে রবিবার রাতে স্কটল্যান্ডে রওনা দেবেন বাইডেন। আশা করা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনাই হবে তার উদ্দেশ্য।
রোমের উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার আগে বাইডেন তার ব্যয় পরিকল্পনা প্রকাশ করেন। ডেমোক্র্যাটদের এক রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সহায়তা চান তিনি। বাইডেন বলেন তিনি দুই সম্মেলনে দেখাতে চান যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনও কার্যকর। স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে বিব্রত না করতে নেতাদের প্রতি আহ্বান জানান।
তবে শেষ পর্যন্ত দলের উদারপন্থী আইনপ্রণেতারা ওই ব্যয় পরিকল্পনা শর্তহীনভাবে অনুমোদনে অস্বীকৃতি জানান।









