যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক প্রকৌশলী জোনাথন টোয়েব্বি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছেন। সোমবার ফেডারেল কোর্টে তিনি এই স্বীকারোক্তি দেন। পারমাণবিক সাবমেরিনের গোপন তথ্য অন্য দেশের কাছে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে চার মাস আগে স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
দোষ স্বীকার সমঝোতা অনুসারে, ৪৩ বছর বয়সী টোয়েব্বিকে ১২ থেকে ১৮ বছর কারাভোগ করতে হতে পারে। বিচারের শুরুতে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের প্রতিটির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
ওয়েস্ট ভার্জিনিয়ার মার্টিন্সবার্গ আদালতের ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক রবার্ট ট্রাম্বল এই দোষ স্বীকার আবেদন গ্রহণ করেছেন। পরে আরেকজন বিচারক সাজা ঘোষণা করবেন। টোয়েব্বি ও প্রসিকিউটিরদের সমঝোতার বাইরেও সাজা ঘোষণার এখতিয়ার থাকবে এই বিচারকের।
সাজা ঘোষণার আগ পর্যন্ত টোয়েব্বিকে কারাগারে থাকতে হবে। এখন পর্যন্ত সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়নি।
সোমবার আদালতে টোয়েব্বি স্বীকার করেন, স্ত্রী ডায়ানা টোয়েব্বির সঙ্গে মিলে অন্য একটি দেশে গোপন তথ্য পাচারের ষড়যন্ত্র করেছেন। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ক্ষতি করা।
ডায়ানা টোয়েব্বিও কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধেও তিনটি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তিনি দোষ স্বীকার করেননি।









