যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ফিওনা হিল বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা অন্তত ২০০৪ সাল থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আক্রমণ ঐতিহাসিক এই সংঘাতে নতুন গতিময় অধ্যায়ের সূচনা করেছে। সোমবার মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক কর্মকর্তা এবং রুশ ও ইউরোপীয় বিষয়ক বিশেষজ্ঞ ফিওনা হিল বুশ, ওবামা ও ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি এক ওয়েবিনারে বলেছেন, শীতল যুদ্ধের পর কোনও শান্তি পরিস্থিতি ছিল কিনা তা নিয়ে পশ্চিমারা প্রশ্ন তুলতেই পারে।
ইউক্রেনে রুশ আক্রমণের বিষয়ে ফিওনা হিল বলেন, আমরা যুদ্ধের একটি গতিময় অধ্যায়ে রয়েছি। কিন্তু আমরা যুদ্ধাবস্থায় ছিলাম বেশ কিছু দিন ধরে। নিশ্চিতভাবে অন্তত তা ২০০৪ সাল থেকে। যখন ইউক্রেনের তথাকথিত কমলা বিপ্লব সংঘঠিত হয় এবং রাশিয়া এর প্রতিক্রিয়া জানায়।
২০০৪ সালের ইউক্রেনীয় প্রেসিডেন্ট নির্বাচনের পর বিক্ষোভকারীরা এই কমলা বিপ্লব গড়ে তোলে। এই নির্বাচন শুরুতে মস্কো সমর্থিত প্রার্থী ভিক্টর ইয়ানুকোভিচ জিতেছিলেন। কিন্তু পরে ময়দান বিপ্লবে তিনি ক্ষমতাচ্যুত হন। অভিযোগ ওঠে, নির্বাচনে জালিয়াতি হয়েছে। ফলাফল বাতিল করা হয়। দ্বিতীয় রান-অফে জয়ী হন ইউরোপীয়পন্থী প্রার্থী ভিক্টর ইউশেচেঙ্কো।
রাশিয়া প্রায়ই এই বিক্ষোভকে পশ্চিমা পৃষ্ঠপোষকতায় অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে আসছে। তাদের দাবি, ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে।









